
হাইমচরে স্বর্ণের দোকান থেকে স্বর্ণকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার


চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজারের একটি স্বর্ণের দোকান থেকে বিজয় ঘোষ (৪৫) নামে এক স্বর্ণকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ‘আলিফ গোল্ড মার্কেট’-এর ‘নিউ মাতৃ শিল্পালয়’ দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিজয় ঘোষ মতলব উত্তরের নায়েরগাঁও এলাকার জহর লাল চন্দ্র ঘোষের ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ওই দোকানে কারিগর হিসেবে কাজ করতেন এবং দোকানেই থাকতেন।


দোকানের যৌথ মালিক ও নিহতের শ্যালক বিকম চন্দ্র ঘোষ জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটিতে দোকান বন্ধ ছিল। শনিবার সকালে এসে শাটার খোলা কিন্তু ভেতরের গেটে তালা দেখে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ভেতরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।
হাইমচর থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এটি হত্যা নাকি আত্মহত্যা তা প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




























