
জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না


বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের জনগণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সমর্থন ও ভালোবাসা সঙ্গে নিয়ে সব বাধা অতিক্রম করে দেশ পুনর্গঠনে কাজ করবে বিএনপি।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বরিশাল অঞ্চলে এটি তার প্রথম সফর বলে জানানো হয়।
তারেক রহমান বলেন, জনগণের সমর্থন যতদিন থাকবে, ততদিন কোনো বাধা বিএনপিকে আটকাতে পারবে না। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে গৌরনদী এলাকার প্রায় ৬০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে সারা দেশে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে সরকারের। দীর্ঘমেয়াদে প্রায় ৪ কোটি নারী প্রধান পরিবারের কাছে এই কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
এ ছাড়া নারী শিক্ষার প্রসারে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা আরও বাড়িয়ে স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালুর সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী।
এর আগে সকালে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি। পরে বাটাজোর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।



























