
হাজীগঞ্জে জুমার নামাজের সময় দোকান থেকে দেড় লাখ টাকা চুরি, থানায় অভিযোগ


চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে জুমার নামাজ আদায়ের সময় এক ব্যবসায়ীর দোকানের ক্যাশ থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের মকিমাবাদ (দুধ মিয়া জমিদার বাড়ি) এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ মেহেদী হাছান কামরুল হাজীগঞ্জ বাজারের রজনীগন্ধা মার্কেটের ‘ইত্যাদী স্টোর’ নামের দোকানে স্টেশনারি, টুপি ও কোরআন শরীফ বিক্রির ব্যবসা পরিচালনা করে আসছেন।
শুক্রবার (১২ জুন) জুমার নামাজ আদায়ের জন্য দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে তিনি দোকান রেখে পাশের মসজিদে নামাজে যান। নামাজ শেষে দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে দোকানে ফিরে এসে ক্যাশবাক্স খোলা দেখতে পান। পরে ক্যাশ তল্লাশি করে তিনি দেখতে পান, ব্যবসার নগদ ১ লাখ ৫০ হাজার টাকা চুরি হয়ে গেছে।


পরবর্তীতে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনি দেখতে পান, দুপুর আনুমানিক ১টা ৩৬ মিনিটে ১২ থেকে ১৩ বছর বয়সী এক অজ্ঞাত কিশোর দোকানে প্রবেশ করে ক্যাশ থেকে টাকা নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, স্থানীয় লোকজন ও স্বজনদের সহায়তায় অভিযুক্তকে শনাক্তের চেষ্টা করেও তিনি সফল হননি। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি চুরি হওয়া অর্থ উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















