
হাজীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাসান মিয়াজীর ঈদ শুভেচ্ছা বিনিময়


হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব হাসান মিয়াজী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তিনি সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
শনিবার (৩১ মে) বিকেল ৪টায় এনায়েতপুর জামে মসজিদে আছরের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে তিনি শুভেচ্ছা কার্যক্রম শুরু করেন। পরে আলীগঞ্জ বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের মতামত ও সমর্থন প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইউছুফ, এনায়েতপুরের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মো. জামাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


পরে হযরত মাদ্দাখাঁ (রহ.) মসজিদে মাগরিবের নামাজ শেষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন হাসান মিয়াজী। সেখানে তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সফলতার জন্য মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন এবং মসজিদের উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ ফজলুল কাদের বাগদাদী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মজুমদার, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ ও আল আমিন আটিয়া, হাজীগঞ্জ পৌর বিএনপির সদস্য রিপন সরকার, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহপরান খন্দকার, যুবদল নেতা বাহার উদ্দিন বাহার, ৮ নম্বর ওয়ার্ড যুবদল নেতা মহসিন পাটোয়ারী, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বেপারী, পৌর ছাত্রদলের সহ-সভাপতি বিল্লাল হোসেন এবং ছাত্রদল নেতা স্বপন সরকার, বাপ্পি সরকার ও রায়হান সরকার।
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে আলহাজ্ব হাসান মিয়াজী বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি মেয়র পদে নির্বাচন করব। আর যদি দল অন্য কোনো যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়, তাহলে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তার পক্ষেই কাজ করব এবং সর্বাত্মক সমর্থন দিয়ে যাব। দল ও জনগণের স্বার্থই আমার কাছে সবচেয়ে বড়।
তিনি আরও বলেন, হাজীগঞ্জ পৌরবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়াই আমার লক্ষ্য।”








