
দেবপুরে দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫


চাঁদপুর সদর উপজেলার দেবপুর নামকস্থানে শিশুকে বাঁচাতে গিয়ে দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষে এনাম হোসেন (২১) নামের একজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৭-মে) দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কের দেবপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত এনাম হোসেন হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা মুন্সী বাড়ির খোরশেদ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে হাজীগঞ্জ ও হাজীগঞ্জ থেকে চাঁদপুরের দিকে ছেড়ে যাওয়া দু’টি সিএনজি দেবপুর নামক স্থানে পৌঁছালে একটি শিশু দৌড়ে রাস্তা পার হচ্ছিল। ওই সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে দুই সিএনজি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। এবং সিএনজির দুই চালক ও শিশু সহ আহত ৫ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।


আহতদের পরিচয় এখনও পাওয়া যায় নি।
নিহত এনাম হোসেনের বাবা খোরশেদ আলম জানান, এনাম অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে। এরপর মাদ্রাসায় হেফজ্ বিভাগে পড়াশোনা করতো। সে কয়েকদিন আগে ঢাকার গাজীপুরে বোনের বাসায় বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়। চার মেয়ে ও তিন ছেলের মধ্যে নিহত এনাম হোসেন ভাইদের মধ্যে সবার ছোট।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল আলম। তিনি জানান, ঘটনাস্থল চাঁদপুর সদরে হওয়ায় মরদেহ সদর থানা পুলিশ উদ্ধার করবে। আমরা ঘটনাস্থল থেকে নিহতের তথ্য সংগ্রহ করেছি।








