
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
Link Copied Successfully!

চাঁদপুর শহরের কয়লাঘাট সংলগ্ন ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ শিশু নিরবের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন। এর আগে রবিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে নিরব (১০) নিখোঁজ হয়।
কোস্টগার্ড জানায়, শিশু নিরব ডাকাতিয়া নদীতে গোসলের সময় ইঞ্জিন চালিত বোটের সাথে ধাক্কা লেগে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশনের একটি ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্ধার অভিযানে নিখোঁজ শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। রাতে তার মরদেহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চাঁদপুর নৌ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সে ওই এলাকার জাহাঙ্গীর কাজীর ছোট ছেলে। শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমির তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল নিরব।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম এস ইকবাল জানায়, এ ঘটনায় নৌকাসহ দুই মাঝি মো. নাজমুল (২০) ও মো. নয়ন (২৪) কে আটক করেছে চাঁদপুর নৌ পুলিশ। ময়নাতদন্ত শেষে আজ সোমবার স্কুল শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


























