
চাঁদপুরে ডাকাতিয়া থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
Link Copied Successfully!

চাঁদপুর শহরের মধ্য ইচুলী এলাকায় ডাকাতিয়া নদী থেকে সিরাজুল ইসলাম গাজী (৭২) নামে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানা পুলিশ মরদেহ উদ্ধার করেন। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল।
সিরাজুল ইসলাম গাজী চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী গ্রামের আলী গাজী বাড়ীর মৃত আশ্রাফ আলী গাজীর ছেলে। তিনি ১ ছেলে ৪ কন্যা সন্তানের জনক।
স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন গাজী বলেন, সিরাজুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েকবছর আগে দেশে চলে এসেছেন এবং বাড়িতেই থাকতেন। গত এক সপ্তাহ পূর্বে তিনি বাড়ী থেকে শহরে আসার সময় ওয়ারলেছ এলাকা থেকে নিখোঁজ হন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল বলেন, ময়না তদন্ত এবং আইনী ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরো জানান, বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার মধ্য ইচুলীর ডাকাতিয়া নদীতে স্থানীয়রা বৃদ্ধ সিরাজুল ইসলামের মৃতদেহ দেখতে পায়। পরে ঘটনাস্থলে গিয়ে তার সুরতহাল প্রতিবেদন করা হয়। বৃদ্ধের শরীরে ঘাড় ও পায়ে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে।
পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হবে। ঘটনায় জড়িতদের সনাক্তকরণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগ:
বিশেষ খবর







