
দুই মাস পর চাঁদপুর মাছ ঘাট সরগরম, ইলিশের দাম চড়া
Link Copied Successfully!


নিষেধাজ্ঞার দুই মাস পর সরগরম হয়ে উঠছে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র। তবে প্রথম দিনে ইলিশের স্বল্পতা থাকায় দামও চড়া। আগামী কয়েকদিনের মধ্যে ঘাটে মাছের সরবরাহ বাড়লে কমতে পারে দাম।
মার্চ-এপ্রিল দুই মাসের জাটকা রক্ষার নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার মধ্যরাত থেকে ফের ইলিশ ধরতে নদীতে নেমেছেন জেলেরা। মধ্যরাতে চাঁদপুরের চরভৈরবী থেকে মতলবের ষাটনল পর্যন্ত ৭০ কিলোমিটার নদী এলাকায় নেমেছে কয়েক সহস্রাধিক জেলে। জেলেরা দুপুর থেকে ধীরে ধীরে ট্রলার নিয়ে ভিড়ছে মাছঘাটে।
কর্মব্যস্ত ব্যবসায়ী-শ্রমিকদের হাঁকডাকে মুখরিত এখন বড়স্টেশন মাছঘাট। ঘাটে এক কেজির উপরে ইলিশের দাম ২২শ থেকে ২৩শ টাকা, ৮-৯শ গ্রামের ইলিশের প্রতি কেজি ১৭শ থেকে ১৮শ টাকা, ৫-৭শ গ্রামের ইলিশের প্রতি কেজি ১ হাজার থেকে ১১ শ টাকা বিক্রি হচ্ছে। মৎস্য ব্যবসায়ীরা বলছেন, ইলিশের সরবরাহ বাড়লে দাম কিছুটা কমবে।










