
নিজেকে ইহুদি দাবি করলেন আদম তমিজী হক


নিজেকে ইহুদি দাবি করে দ্রুত বাংলাদেশ থেকে তাকে উদ্ধারের দাবি করেছেন বর্তমান সময়ের আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক। এজন্য তিনি ইসরায়েল সরকারের সহযোগিতা চেয়েছেন। এরইমধ্যে নিজের মুখের দাড়ি-গোফ কেটে ফেলেছেন তমিজী হক। বৃহস্পতিবার রাতে তার মুখে দাড়ি থাকলেও শুক্রবার তিনি তা কেটে ফেলেছেন। একইদিন রাতে গণমাধ্যমের কাছে একটি ভিডিও এসেছে।
এদিকে তমিজি হককে গ্রেপ্তার করতে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত থেকে র্যাব তার গুলশানের বাসা ঘিরে রেখেছে। বৃহস্পতিবার বাসার ভিতরে প্রবেশ করলেও র্যাব তাকে গ্রেপ্তার করতে পারেনি।
ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘আমি ইসরায়েলের কাছে অভিযোগ করতে চাই, বর্তমানে আমি বাংলাদেশে। গত তিনদিন আমার বাসায় পানি, বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ঘরে খাবার নেই, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। সে মানুষিকভাবে বিপর্যস্ত। দ্রুত আমাদের উদ্ধার করা দরকার। আমার মা অর্ধেক…! আমি জন্মসূত্রে খ্রিস্টান, আমার ইহুদী কমিউনিটির কাছে সহযোগিতা চাই এবং ইসরায়েলের নাগরিকত্ব চাই।’


বিভিন্ন সময় হেফাজতের নেতা মামুনুল হকসহ বিভিন্ন ইস্যুতে বেশ সরব ছিলেন তমিজী হক। প্রতিবছর ওমরা করেন বলেন এতোদিন দাবি করেছেন। মুখে রেখেছিলেন দাঁড়ি। হঠাৎ তিনি ভোল পাল্টে নিজেকে ইহুদি দাবি করছেন। যা তিনি অতীতে করেননি। র্যাব বলছে, নিজের গ্রেপ্তার এড়াতে এসব করছেন তমিজী হক। আন্তজার্তিক বিভিন্ন মহলের নজরে আসতে চাইছেন।




























