
ঈদ শেষে চাঁদপুর থেকে লঞ্চে গাদাগাদি করে ফিরছেন মানুষ
Link Copied Successfully!

ঈদের ছুটি শেষে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। চাঁদপুর নৌ টার্মিনালে প্রত্যোকটি লঞ্চে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সকাল থেকেই ঢাকা-চাঁদপুর নৌরুটের বিলাসবহুল লঞ্চগুলোর ডেকও পরিপূর্ণ হয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে কেবিনের যাত্রীরাও লঞ্চে আসতে শুরু করেন। ঈদের পর চাঁদপুর নদীবন্দরে তেমন ভিড় না থাকলেও গতকাল সকাল থেকেই লঞ্চে যাত্রীর সংখ্যা বাড়ছে।
সকালে লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, ঢাকাগামী রফ রফ-২ ও আব এ জম জম-৭ লঞ্চ নোঙর করা রয়েছে। ঘাট ছেড়ে যাওয়ার পূর্ব মূহুর্ত পর্যন্ত প্রতিটি লঞ্চেই যাত্রী ছিল ভরা। যাত্রীর চাপ থাকায় গাদাগাদি করেই গন্তব্যে ফিরছেন মানুষ।
যাত্রী আসমা ও ইকবাল হাসান বলেন, ঈদের ছুটিতে লঞ্চে করে বাড়ি এসেছি, এখন লঞ্চে করেই যাচ্ছি। সবাই ঢাকামুখি হওয়ায় লঞ্চে ভিড় বেশি। তারপরও বাস কিংবা ট্রেনের থেকে রিলাক্স ভাবে যাওয়া যায়।
লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি বিপ্লব সরকার বলেন, ঈদের পর রাজধানী ফিরতে যাত্রীর চাপ রয়েছে। ঈদের আগে পরে লঞ্চের সিডিউল বিপর্যয় হয়নি। নির্দিষ্ট সময়ে চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলো। যাত্রী সেবা ও নিরাপত্তার জন্য লঞ্চে সব ধরনের ব্যবস্থা রয়েছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ঘাটে যাত্রী হয়রানি রোধে নৌ পুলিশের সদস্যরা নজরদারি রাখছেন। এই সপ্তাহ পর যাত্রীর চাপ কমে যাবে।



























