
বাংলাদেশে আসতে চান বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার


আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অপ্রতিম ভালোবাসার কথা কারোই অজানা নয়। গেল বছর কাতার বিশ্বকাপে আলবিসেলেস্তেদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বিশ্ব মিডিয়ায় প্রশংসা কুড়ান বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। তাই কলকাতা সফরে আসার আগেই বাংলাদেশ আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ।
ফিফার জুন উইন্ডোতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে আনার চেষ্টা করছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লিওনেল মেসিদের ঢাকা সফরের আলোচনা অনেকদূর এগিয়েও শেষপর্যন্ত মাঠ সংকটের কারণে ভেস্তে গেছে। এদিকে বিশ্বজয়ী আর্জেন্টিনা দল না আসলেও মার্টিনেজ নিজেই বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন।
কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত এমিলিয়ানো মার্তিনেজকে কলকাতায় আনছেন। তিনি বলেছেন, ‘সে (মার্তিনেজ) নিজে থেকেই বাংলাদেশের কথা বলেছে। যেহেতু সে কলকাতা আসছে তাই আমরাও চাই তার ইচ্ছাপূরণ হোক বাংলাদেশে ঘুরে এসে’।


এর আগে শতদ্রু দত্তর উদ্যোগেই কলকাতা ঘুরে গিয়েছিলেন ফুটবল বিশ্বের দুই অমর চরিত্র পেলে ও ডিয়েগো ম্যারাডোনা। এছাড়াও গত নভেম্বরে কলকাতায় ঘুরে গেছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান অধিনায়ক কাফুও। তিনিই মার্তিনেজের আসন্ন কলকাতা সফরের সব বন্দোবস্ত করছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর থেকে জানা গেছে, আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখবেন ক্লাব ফুটবলে অ্যাস্টন ভিলার গোলকিপার মার্তিনেজ। তবে তিনি কোনো অনুষ্ঠানে অংশ নেবেন কিনা তা জানা যায়নি। এরপর ঢাকা থেকে মার্তিনেজ চলে যাবেন কলকাতায়। ৪ জুলাই যাবেন মোহনবাগান ক্লাবে। এ ছাড়াও তার একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।




























