
নভেম্বরের পর মিলবে না করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ


করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকার মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরে। এ সময়ের পর কেউ চাইলেও কেউ প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবে না। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য জানান।
এছাড়া নতুন করে টিকা কেনার সম্ভাবনাও কম বলেও জানান তিনি।
শামসুল হক বলেন, যারা এখনো এই দুই ডোজের টিকা নেননি, দ্রুত তাদের নিয়ে নেওয়া উচিত। বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা টিকার মেয়াদ নভেম্বরে শেষ হবে। কোনো টিকা ২১, কোনো টিকা ২৩, কোনো টিকা ৩০ নভেম্বরের পর আর ব্যবহার করা যাবে না।


তিনি বলেন, দেশে এখনো ৩৩ লাখ মানুষ প্রথশ ও ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজের টিকা নেননি। তবে বুস্টার ডোজের টিকার পর্যাপ্ত মজুত আছে।
শামসুল হক বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের গড়িমসি লক্ষ করা গেলেও বুস্টার ডোজ কার্যক্রম চলমান থাকবে। এখনো সাড়ে ৬ কোটি মানুষ বুস্টার ডোজ নেননি। টিকা গ্রহণে মানুষের সাড়াও কম মিলছে বলে জানান তিনি।
তিনি জানান, আগস্ট থেকে শুরু হবে ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকা কার্যক্রম। এজন্য নিবন্ধন শুরু হয়েছে। সবমিলিয়ে টিকা পাবে ৪ কোটি ২০ লাখ শিশু।
সূত্র: যুগান্তর
H/N







