
চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
Link Copied Successfully!

‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
আজ রোজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে বেলুন উত্তোলন এবং কবুতর উঠিয়ে দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, মাননীয় জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু করে চাঁদপুর শহরের ইলিশ চত্বর ঘুরে আদালত ভবনের সামনে এসে শেষ হয় পরবর্তীতে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড ফেয়ারের উদ্বোধন করেন।
মাননীয় জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সেরা প্যানেল আইনজীবীদের পুরস্কৃত করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিন, ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ শাহেদুল করিম, ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ অরুন চন্দ পাল, চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার সাকিব হোসেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট রনজিত রায় চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট সাইদুল ইসলাম বাবু, এডভোকেট শাহজাহান মিয়া, এডভোকেট মাইনুল ইসলাম, এডভোকেট কাদের খান, এডভোকেট সফিকুল ইসলাম রনী সহ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির বিজ্ঞ আইনজীবীবৃন্দ,সিনিয়র আইনজীবীবৃন্দ এবং অন্যান্য আইনজীবীবৃন্দ, বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য যে,জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস উপলক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০০৯ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত ‘জাতীয় আইনগত প্রদান সহায়তা সংস্থা’ বিনা ফিতে ৭ লাখ ৩৬ হাজার ২৪৯ জনকে আইনি সেবা দিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিচারপ্রার্থীদের (মামলা-পূর্ব ও মামলা-পরবর্তী) ৮৮ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ১৫৩ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে। এই সময়ে সংস্থাটি ২ লাখ ৯৯ হাজার ৮১০ জনকে আইনি পরামর্শ দিয়েছে। একই সময়ে ৩ লাখ ১৮ হাজার ৭৩২ জনকে মামলায় আইনগত সহায়তা দিয়েছে। এ ছাড়া ৫৬ হাজার ৮৭৪টি বিরোধ বা মামলা এডিআর (বিকল্প বিরোধ নিষ্পত্তি) পদ্ধতিতে নিষ্পত্তি করেছে সংস্থাটি।
এ দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং আইন ও বিচার বিভাগের সচিবের বাণীসহ আইনগত সহায়তা বিষয়ক প্রতিবেদন সম্বলিত বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ছাড়াও রেডিও-টেলিভিশনে আইনগত সহায়তা দান সংক্রান্ত টকশো মুক্ত আলোচনা, সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করা হয়েছে।

























