
সেমাই ওজনে কম: ৪০ হাজার টাকা জরিমানা


আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সেমাই কারাখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর এর অভিযানে জরিমানা আদায় ৪০,০০০ টাকা।
১০ এপ্রিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সেমাই কারখানাতে বাজার তদারকি অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন। সদরের মৈশাদীর তালতলা এলাকায় হারুন বেকারীতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধ খুঁজে পাওয়া যায়।


সেমাইতে মাছি,মাকড়শার আঁশ,তৈরিকৃত ডালডা ও ঘিতে শুকনা পাতা ও ময়লা, বাথরুমে সাবান ব্যবহার না করা,ময়লা ও ঘর্মাক্ত হাত দিয়ে সেমাইয়ের কাই তৈরি করা, স্যাঁতসেঁতে মেঝে,খাবার তৈরি রুমে স্টাফদের জামাকাপড় ও সিগারেটের টুকরা ফেলে রাখা , প্যাকেটজাত সেমাইতে ওজনে কম দেয়া সহ সর্বোপরি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযান পরিচালনায় সহায়তা করেন চাঁদপুর জেলা ডিবি পুলিশের একটি চৌকশ টিম।
ভোক্তার স্বার্থে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


























