
সঠিক ব্যবস্থার কারণেই করোনা শনাক্তের সংখ্যা কমছে: স্বাস্থ্য অধিদপ্তর

দেশের করোনা শনাক্তের সংখ্যা দিন দিন কমছে। করোনা প্রতিরোধে নেওয়া নানা পদক্ষেপের কারণেই এমনটা হয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য বিভাগের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। তিনি আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন।
২৪ ঘণ্টার ব্যবধানে দেশে নতুন রোগী ও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার কমেছে। তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। এ সময় করোনায় সংক্রমিত ১৬ জনের মৃত্যু হয়েছে।
দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের দাপটে রোগী শনাক্ত ও শনাক্তের হার দ্রুত বাড়তে থাকে। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়।


সূত্র: প্রথম আলো
E/N




























