
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক সন্ধ্যায়

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবুল খায়ের বলেন, আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর হেয়ার রোডে শিক্ষামন্ত্রীর বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে ঢাকায় আসেন। প্রতিনিধিদলের মধ্যে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অনুষদের ডিন আরিফুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন খায়রুল ইসলাম।


কাল বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, তিনি আন্দোলনকারী এবং শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে চান। সেদিন তিনি বলেছিলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে চাই না। তবে সেখানে আমাদের শিক্ষার্থীরা অনশন করছেন, কেউ কেউ কিছুটা অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন। আমি এখন ডাক্তারের সঙ্গে কথা বলেছি, কারও কোনো আশঙ্কাজনক কিছু নেই। যাঁরা এখনো অনশন চালিয়ে যাচ্ছেন, তাঁদের দু-তিনজনকে হয়তো স্যালাইন দেওয়া হচ্ছে।
সূত্রঃ প্রথম আলো
E/N




























