
অ্যাস্ট্রাজেনেকার বুস্টার অমিক্রনের বিরুদ্ধে ‘কার্যকর’

অ্যাস্ট্রাজেনেকার টিকা বুস্টার হিসেবে দেওয়া হলে তা করোনার অতি সংক্রামক ধরন অমিক্রনের বিরুদ্ধে উচ্চ অ্যান্টিবডি তৈরি করে। একটি পরীক্ষার (ট্রায়াল) প্রাথমিক তথ্যের আলোকে অ্যাস্ট্রাজেনেকা এমন দাবি করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা সম্প্রতি জানায়, তারা তৃতীয় ডোজ বা বুস্টার হিসেবে তাদের তৈরি ভ্যাক্সজেভরিয়ার কার্যক্ষমতা নিয়ে পরীক্ষা (ট্রায়াল) চালিয়েছে।
পরীক্ষার প্রাথমিক তথ্যে দেখা গেছে, করোনার বুস্টার ডোজ হিসেবে ভ্যাক্সজেভরিয়া ব্যবহার করা হলে তা অমিক্রনের বিরুদ্ধে উচ্চ অ্যান্টিবডি তৈরি করে।


শুধু অমিক্রনই নয়, করোনার বেটা, ডেলটা, আলফা, গামাসহ অন্যান্য ধরনের বিরুদ্ধেও ভ্যাক্সজেভরিয়া উচ্চ অ্যান্টিবডি তৈরি করে।
অ্যাস্ট্রাজেনেকা বলছে, করোনার বিরুদ্ধে আগে যাঁরা দুই ডোজ ভ্যাক্সজেভরিয়া বা এমআরএনএ টিকা নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে এই টিকার তৃতীয় ডোজের কার্যকারিতা বেশি দেখা গেছে।
ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি বলছে, বুস্টার ডোজের জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা বিশ্বব্যাপী ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে এই পরীক্ষার তথ্য জমা দেবে।
সূত্র: প্রথম আলো
E/N



























