
বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদের প্রচার প্রসার বাড়াতে হবে


নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার পুটিনায় ২৭শে ডিসেম্বর রাতে ৬ষ্ঠ বার্ষিক সুন্নী সম্মেলন এবং রাহমানিয়া মইনীয়া সাইফিয়া হেফজখানা, মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মাইজভাণ্ডার শরীফের সাজ্জাদানশীন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, মহান আল্লাহ্ রাব্বুল আ’লামিন মানবজাতির ত্রাণকর্তারূপে, সমগ্র সৃষ্টির জন্য বিশেষ রহমত হিসেবে আমাদের মাঝে তার প্রিয় হাবিব, মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সা:) কে প্রেরণ করেছেন। তিনি তার অনুপম আদর্শ তথা ইসলামের আলোতে কালো অন্ধকারে আচ্ছন্ন সভ্যতাকে মানবিক আলোকিত সভ্যতায় রূপান্তর করেছেন। সুফিবাদ আত্মশুদ্ধির চর্চায় উৎসাহিত করে। আর এ আত্মশুদ্ধিই হল ইসলামের মূল নির্যাস। যুগে যুগে অগণিত সুফি সাধকগণ অজস্র কষ্ট-সাধনার মাধ্যমে ইসলামের সাম্য, ন্যায়, সম্প্রীতি ও মানবতার দর্শন মানুষের মাঝে প্রচার করে তাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে এনেছেন।
তিনি আরো বলেন, আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মানুষ নিজেকে মহান আল্লাহ্ ও তার রাসুল (দ) এর পথে পরিচালিত করতে এবং বিপথগামীতা থেকে বিরত রাখতে সক্ষম হয়ে ওঠে। সুফিবাদ মানুষকে হিংসা-বিদ্বেষ, ক্রোধ-লিপ্সাসহ সকল প্রকার কুপ্রবৃত্তি থেকে দূরে রাখে। সুফিবাদ উদারতা ও মানবপ্রেমের কথা বলে। তাই সুফিবাদের চেতনা ধারণ করলে বিশ্বে সংঘাত-সহিংসতা, ধর্মীয় উগ্রবাদ, যুদ্ধ-বিগ্রহ থাকবে না। পৃথিবীতে মানুষের শান্তি-সম্প্রীতিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান, আলহাজ্ব সুফি মিজানুর রহমান ঈসাপুরী মাইজভান্ডারী বলেন, মানুষে মানুষে সৌহার্দ্য ও ভাতৃত্বের বন্ধন গড়ে তুলতে সুফিবাদকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে হবে৷
তিনি সুফিবাদ প্রচার-প্রসারে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী’র চলমান কার্যক্রমের প্রশংসা করে বলেন, তাঁর পিতা শায়খুল ইসলাম হযরত সাইয়্যিদ মইনুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী (কঃ) ছিলেন সুন্নীয়তের উজ্জ্বল নক্ষত্র। জাতিসংঘসহ বিশ্বজুড়ে তিনি বিশ্বশান্তি ও মানবতার বাণী প্রচার করেছেন। বাংলাদেশে সুফিবাদ প্রতিষ্ঠায়ও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।”


এর আগে মাদ্রাসা থেকে তিনজন কোরআনের পাখী হাফেজদের দস্তারবন্দী প্রদান করেন, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।
আলোচক ছিলেন, মুফতি বাকি বিল্লাহ্ আল আযহারি, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মুফতি মাকসুদুর রহমান,মওলানা আবদুস সাত্তার সিদ্দিকী,হাফেজ মাওলানা নাজের হোসাইন মাইজভাণ্ডারী, শায়ের মোহাম্মদ মনসুর আলী প্রমুখ।
E/N



























