
টানা বৃষ্টিতে খেতে পানি, ফসলের ক্ষতি


চাঁদপুর বিভাগসহ বরিশাল, কুমিল্লা, ফরিদপুর ও মানিকগঞ্জে আধপাকা ধানগাছ নুইয়ে পড়েছে। মাঠে পানি জমায় রবিশস্যের ক্ষতি হয়েছে।
‘দুই একর জমির মোটা আমন শ্যাষ। এক মুট (এক মুঠো) ধানও ঘরে নেতে পারমু না। পাকা ধানের গাছ হুইয়্যা পড়ছে। সব ধান খইরাইয়্যা (ঝরে) গ্যাছে।’ গতকাল মঙ্গলবার কথাগুলো বলছিলেন বরগুনার তালতলী উপজেলার মনুখেপাড়া গ্রামের কৃষক মজিবর শরীফ। আর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার লুধুয়া গ্রামের কৃষক মজিবুর রহমান বললেন, ‘এবার ৪৪ শতাংশ জমিতে সবজি লাগাইছিলাম। ফলনও ভালা অইছিল। গত তিন দিনের বৃষ্টিতে আমার সবজিখেত পানিতে তলাইয়া গেছে।’
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে গত রোববার থেকে গতকাল পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে প্রায় সারা দেশে। এতে অনেক জেলার কৃষক ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে বরিশাল বিভাগের জেলাগুলোসহ চাঁদপুর, কুমিল্লা, ফরিদপুর ও মানিকগঞ্জে বিস্তীর্ণ মাঠের আধপাকা ধানগাছ নুইয়ে পড়েছে। অনেক এলাকায় মাঠে পানি জমে যাওয়ায় আমনের বীজতলাসহ শীতকালীন সবজি ও রবি ফসলের ক্ষতি হয়েছে। ক্ষতির তালিকায় রয়েছে গম, ভুট্টা, মসুর, খেসারি, মটর, মাষকলাই, সরিষা, পেঁয়াজ, রসুন, মরিচ, ধনে, কালিজিরা, মিষ্টি আলু, মেথি, যব, শসা, গাজর, টমেটো, আলু ইত্যাদি।


সূত্র: প্রথম আলো
E/N



























