
তামিম-সাকিব নেই, মুশফিকও ‘বিশ্রামে’… পাকিস্তানের বিপক্ষে ‘নতুন’ বাংলাদেশ


২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের দাপুটে পারফরম্যান্সের স্মৃতি এখনো তরতাজা। বাংলাদেশের বিবর্ণ পারফরম্যান্সও মন থেকে সহজে মুছে যাওয়ার নয়। শেষ দুই ম্যাচে তো বাংলাদেশের ব্যাটিং ছুঁতে পারেনি তিন অঙ্কও। বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে একটি ম্যাচও না জেতা বাংলাদেশকে নিয়ে মানসপটে ইতিবাচক কিছু আনা কঠিনই।
নিকট অতীত থেকে আত্মবিশ্বাস অনুসন্ধানের চেষ্টা করলেও কিছু মিলবে না। আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পারফরম্যান্সের দিক থেকে দুই মেরুতে থাকা এমন দুই দলই মুখোমুখি হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে।
দুই দলের পার্থক্য কতটা, গতকাল দুই অধিনায়কের সংবাদ সম্মেলনেও সেটি বোঝা গেল। পাকিস্তান অধিনায়ক বাবর আজম সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই জানিয়ে দিলেন আজকের ম্যাচে কে কে খেলবেন। এরপর বিশ্বকাপ না জেতার আক্ষেপ, আগামী বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের পরিকল্পনা—পাকিস্তানি সাংবাদিকদের এসব প্রশ্নের উত্তরই দিয়েছেন বাবর।


ওদিকে মাহমুদউল্লাহকে দলের হাজারো সমস্যা নিয়ে কথা বলতে হলো প্রায় আধা ঘণ্টা ধরে।
সূত্র: প্রথম আলো
E/N




























