
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার, প্রভাষক রিমান্ডে


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করায় কিশোরগঞ্জে কলেজের প্রভাষক মোহাম্মদ রুহুল আমীনকে দুইদিনের রিমান্ড দিয়েছে আদালত।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনিসুল হক শুনানী শেষে দুইদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ২৫ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা এবং হোসেনপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন গ্রেফতারকৃত রুহুল আমীনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।


হোসেনপুর থানার ওসি (তদন্ত) এবং মামলার তদন্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার করার অভিযোগে শনিবার (২৩ অক্টোবর) রাতে পুলিশ জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্ত্বর এলাকা থেকে রুহুল আমীনকে আটক করে। পরে হোসেনপুর থানার উপ পরিদর্শক (এসআই) বাদল তালুকদার বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ২৩ অক্টোবর মামলাটি দায়ের করেন বলে তিনি জানান।
এ ঘটনায় প্রভাষক মোহাম্মদ রুহুল আমীনকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ পরিচালনা কমিটি। হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুছলেহ উদ্দিন খান জানান, গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত কলেজের পরিচালনা কমিটির সভায় রুহুল আমীনকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সাথে ওই ঘটনার তদন্তে একটি কমিটি গঠনসহ রুহুল আমীনকে স্থায়ীভাবে বরখাস্ত করার ব্যবস্থা গ্রহণ করতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে চিঠি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও জানান তিনি।
মোহাম্মদ রুহুল আমীন (৪৩) কিশোরগঞ্জের হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক।
সূত্র: জাগরণ
E/N



























