
মহাসড়কে গাড়ির চাপ কম


ঈদুল আজহা উপলক্ষে কঠোর লকডাউন শিথিল করেছে সরকার। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাস। গতদিন মহাসড়কে ছিল তীব্র গাড়ির জট। তবে রবিবার থেকে মহাসড়কগুলোকে চাপ কমতে শুরু করেছে। অপর দিকে কমলাপুর স্টেশন রীতিমত ফাঁকা। নেই আগের মত কোলাহল। অপর দিকে ভোগান্তি নেই পাটুরিয়া ঘাটে। তবে লঞ্চঘাটে ও শিমুলিয়া ঘাটে মানুষের চাপ বেড়েছে। তবে তীব্র গরমে ভোগান্তিতে পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষকে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুপুর ১টার পর থেকে এ সড়কে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। এলেঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর থেকে মহাসড়কের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পর্যন্ত যানবাহনের ধীরগতি ছিল। তবে এখন স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে। কোথাও কোনো জট নেই। এর আগে ঈদুল আজহা সামনে রেখে লকডাউন শিথিল করায় গত কয়েক দিন ধরেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট লেগে থাকতে দেখা গেছে।
রবিবার ভোররাত থেকে অতিরিক্ত যানবাহন ও ঈদে ঘরমুখী মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা যায়। মহাসড়কের রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় সকাল থেকে মাঝে মাঝে ঢাকামুখী লেনে গাড়ি চললেও উত্তরবঙ্গমুখী লেনে গাড়ি থেমে থেমে চলছিল। দীর্ঘ যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হয়েছে চালক ও যাত্রীদের। বিশেষ করে নারী ও শিশুদের অনেক বেশি ভোগান্তি পোহাতে হয়েছে।


সূত্র:দৈনিক ইত্তেফাক



























