
ইউনিয়ন আওয়ামী লীগ: সভাপতির বিরুদ্ধে সাধারণ সম্পাদকের মামলা


হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম শোভন। তার ওপর অর্তকিত হামলার ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুর বিরুদ্ধে চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আহত অবস্থায় সাধারণ সম্পাদক খোরশেদ আলম শোভন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নেয়।
মামলার অন্যান্য বিবাদীরা হলেন, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুর ছেলে আরিফ হোসেন (২৮), হৃদয় (২৩), কাশিমপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে আক্তার হোসেন (৪৮) ও নেছার আহম্মেদের ছেলে দেলোয়ার হোসেন (২৫)।
মামলায় উল্লেখ করা হয়, গত ২৫ জুন শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলার দেশখাগুরিয়া গ্রামের খোরশেদ আলম রাউতের দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে।


ঘটনার বিবরণীতে জানা গেছে, মুদি দোকান্দার খোরশেদ আলম রাউত তার ফেইসবুকে ‘ভালোবাসার সোহাগী’ নামে একটি আইডির পোষ্ট শেয়ার করে। সেই পোস্টে চেয়ারম্যান দেশখাগুরিয়া গ্রামবাসী থেকে দুই লাখ টাকা চাঁদা নিয়ে রাস্তা নির্মাণের কথা উল্লেখ করা হয়। রাউত তার আইডি থেকে ‘ সঠিক কথা বলেছেন/ আমাদের টাকা নিয়ে আমাদের বাঁশ দিয়েছে’ এমন মন্তব্য করেন। এমন অভিযোগে ভিত্তিতে শুক্রবার সকালে চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন বাচ্চুর ছেলে হৃদয় ও আরিফসহ ৫/৬ জন মিলে দোকানে হামলা ও ভাঙচুর করে। বিষয়টি রাউতের ফোনে জানতে পেরে ওইদিন বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম শোভন ঘটনাস্থল হাজির হয়। খবর পেয়ে পুনরায় ঘটনাস্থলে এসে খোরশেদ আলম শোভনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় শোভনের মাথায়, চোখ, হাত, বুক, পাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
জানতে চাইলে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম শোভন জানান, দোকান্দার আমার দলের লোক। তার দোকানে হামলা হয়েছে ফোনে এমন অভিযোগ পেয়ে ঘটনাস্থল যাই। কোন কিছু জানার পূর্বে চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চুর ছেলে হৃদয় ও আরিফসহ কয়েকজন মিলে অতর্কিত এ হামলা চালায়। সুষ্ঠু বিচার চেয়ে চাঁদপুর আদালতে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছি।
এছাড়াও তিনি আরো জানান, ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির প্রভাব খাটিয়ে একের পর এক নেতা-কর্মীদের ওপর হামলা করে। তার অন্যায়ের প্রতিবাদ করলেই হামলার শিকার হতে হয়েছে অনেকেই।
জানতে চাইলে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, ঘটনাটি জেনেছি। আমরা আদালতের দেয়া দায়িত্ব পালন করবো।


























