
সরকারি হালটে গড়ে উঠছে ভবন


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর ইউনিয়নের পশ্চিম গন্ধর্ব্যপুর গ্রামের চন্দির বাড়ির প্রবাসী ইউছুফ গংয়ের বিরুদ্ধে সরকারি হালট দখলের অভিযোগ ওঠেছে। সাবেক ২১১৮ ও বর্তমান ৩০৮৫ দাগের ওই সরকারি হালটটি মসজিদের যাওয়ার একমাত্র রাস্তা বলে জানায় স্থানীয়রা।
মৃত ছিদ্দিক মিয়ার ছেলে ইউছুফকে তার ভগ্নিপতি নুরনবী ও একই বাড়ির বাসার নামে এক ফার্মেসী ব্যবসায়ী দখল করতে উস্কানী দেয় বলে জানায় স্থানীয়রা। এদিকে অভিযোগের ভিত্তিতে এক সপ্তাহ পূর্বে দখল ভূমিতে স্থাপনা নির্মাণে মৌখিক নিষেধাজ্ঞা দেয় ইউনিয়ন ভূমি অফিসের তহসীলদার বাবুল চন্দ্র রায়।
কথা হয় ভবন নির্মাণের দায়িত্বে থাকা প্রবাসী ইউছুফের ভগ্নিপতি নুরনবীর সাথে। তিনি বলেন, ওই বাড়ির এমরান হোসেনের সাথে জায়গা বদল করা হয়েছে। তারা বিষয়টি সমাধান না করেই আমাদেরকে স্থাপনা নির্মাণে উৎসাহিত করেছে। তহসীলদারের নিষেধাজ্ঞার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আমরা নির্মাণ কাজ চলমান রেখেছিলাম। এখন আর কাজ করবো না।


বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউছুফ গংয়ের তিনটি ভবনের পূর্ব পার্শ্বে সরকারি হালট। হালটের বেশ কিছু অংশ নবনির্মিত স্থাপনা দখল করে আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানান, বাড়িতে ৬৯ শতাংশ জায়গা বন্টন করা হয়েছে। ২৩ শতাংশ একজনকে দেয়া হয়। অপর ৪৬ শতাংশের মধ্যে ষড়যন্ত্র করে প্রায় ৪৯ শতাংশ দখল দেখানো হয়েছে। যাহা সরকারি হালটের মধ্যে পড়ে।
তহসীলদার বাবুল চন্দ্র রায় মুঠোফোনে জানান, স্থানীয় ইউছুফ গংরা কোন নিয়মের তোয়াক্কা না করে সরকারি জায়গা দখলের চেষ্টা করছে। এই বিষয়ে একটি লিখিত অভিযোগও রয়েছে।
হালটের প্রায় অর্ধেকের ভিতর পাকা ঘর তোলা হয়েছে। আমি কাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশ দিয়েছি। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তী মাফজোখ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।


























