
হাজীগঞ্জের সকল স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ


পড়াশোনায় মনোযোগ বাড়ানো ও মোবাইলের প্রতি আসক্তি কমাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। স্বাক্ষর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
আদেশে বলা হয়, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দূর করতে এবং লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এটি শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক, জেলা প্রশাসক চাঁদপুরের নির্দেশনা এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মোঃ মনিনুল হকের উপস্থিতিতে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে জারি করা হয়েছে।
আদেশে হাজীগঞ্জ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
গেল ২৪ জুলাই হাজীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় এমপি মমিনুল হকও একই নির্দেশনা দেন। সেখানে তিনি বলেন, “প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার বন্ধের পাশাপাশি শ্রেণিকক্ষে শিক্ষকদের ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।”
সেইসাথে প্রতিটি প্রতিষ্ঠানে জরুরি যোগাযোগের জন্য একটি ‘এক্সট্রা ফোন’ রাখার কথাও বলেন তিনি।
এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেক অভিভাবক ও শিক্ষক। তাদের মতে, ক্লাস চলাকালীন মোবাইল ব্যবহার বন্ধ হলে শিক্ষার্থীরা পড়াশোনায় বেশি মনোযোগী হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা বাস্তবায়ন মনিটরিং করা হবে।


























