
চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস


“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” – এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।
বৃহস্পতিবার (০৯ জুলাই) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।



পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। এসময় তিনি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, চাঁদপুরে নদী ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, পলিথিন ব্যবহার রোধ এবং জলাশয় উদ্ধারের মাধ্যমে জলবায়ু সংকট উত্তরণ সম্ভব।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, সিভিল সার্জন মো. নূরে আলম দ্বীনসহ সরকারি কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

























