
চাঁদপুরে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের ২০০ নেতা-কর্মী


চাঁদপুরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রায় ২০০ নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে চারজন বীর মুক্তিযোদ্ধাও রয়েছেন বলে জানিয়েছে দলটি।
শুক্রবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা দলে যোগ দেন। পরে এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া উপস্থিত ছিলেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ নিজামউদ্দিন, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম এবং সদস্যসচিব আমানউল্লাহ পাটওয়ারী।


এ সময় জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবাগতদের মধ্যে বিএনপি, গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। যোগদানকারী চার বীর মুক্তিযোদ্ধা হলেন আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন এবং মোহাম্মদ আলী। তাঁদের মধ্যে একজন মুক্তিযুদ্ধের সময় কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন বলেও উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার প্রতিষ্ঠা, তরুণ নেতৃত্বের বিকাশ এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নবাগত নেতা-কর্মীদের জনগণের কল্যাণ ও সেবামূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি মিলনমেলা ও রাজনৈতিক সম্প্রীতির পরিবেশে অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান।

























