
শেষ মুহূর্তে চাঁদপুরে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমে উঠেছে পশুর হাট
Link Copied Successfully!

ঈদের আর মাত্র একদিন বাকী। শেষ মূহুর্তে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমে উঠেছে চাঁদপুরের কোরবানির পশুর হাটগুলো। তবে ক্রেতা-বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে দাম দিয়ে।
বৃহস্পতিবার জেলার হাজীগঞ্জ বাজার, বেলচোঁ বাজার, বাকিলা বাজার, সুহিলপুর বাজার সহ বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা যায় পর্যাপ্ত পশু হাটে থাকলেও ক্রেতার সংখ্যা কম।
ক্রেতাদের অভিযোগ পশুর দাম বেশি। পাল্টা অভিযোগে বিক্রেতারা বলছেন পশুর পর্যাপ্ত দাম পাচ্ছেন না। তবে আরো একদিন বাজার বসবে জেলার পশুর হাটে। শেষ মূহুর্তে পশুর ভালো দাম পাবে বলে প্রত্যাশা তাদের।
ক্রেতা শরিফুল ইসলাম বলেন, ঈদের আরো একদিন বাকী। বাজার ঘুরে দেখছি পছন্দ হলে আর দামে মিললে কিনবো।
আরেক ক্রেতা জসিম তফদার বলেন, বাজারে প্রচুর গরু আছে। তবে দাম বেশি তাই কিনতে পারিনি। দেখি আজ না হলে আগামীকাল কিনবো।
বিক্রেতা আলমগীর কবির বলেন, বাজারে পর্যাপ্ত গরু রয়েছে। সেই তুলনায় বিক্রয় কম। ১২ টি গরু হাটে তুলে মাত্র ৩টি বিক্রয় করতে পেরেছি।
আরেক বিক্রেতা নাছির বলেন, গেলো কয়েক বছরের তুলনায় এবার গরুর দাম কম, ক্রেতাও কম। প্রতিবছর কোরবানির ঈদে গরুর ব্যবসা করি। এ বছর বিক্রয় কম অনেক লোকসানে পড়বো।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে চাঁদপুরের অর্ধশতক গ্রামে আগামীকাল পালিত হবে ঈদুল আযহা। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে গ্রামগুলো। ঈদুল আজহার নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি দিবেন গ্রামগুলোর বাসিন্দারা।
























