
বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে : সমাজকল্যাণমন্ত্রী


সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, আমরা অনেক বছর পর বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে অনেক আন্দোলন সংগ্রামের পর ইতিহাসকে তার ঠিক জায়গায় নিয়ে যাওয়ার একটি সুযোগ পেয়েছি। এখন তার কন্যার নেতৃত্বে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে।
রবিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমরা হত্যাকান্ডে যেটা ভুলে যাই, সেটা হচ্ছে তারা মনে করে একজন মানুষকে হত্যা করলেই তার আদর্শকে হত্যা করা যাবে। কিন্তু মানুষকে হত্যা করা যায়, কিন্তু তার স্বপ্ন ও আদর্শকে হত্যা করা যায় না। যে কারণে আজও বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন আমাদের মাঝে রয়েগেছে। আমরা আজ তার কন্যার নেতৃত্বে তার আদর্শ বুকে ধারণ করে এবং স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করে চলছি।


জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ। সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট ছড়াকার ডা. পীযুষ কান্তি বড়ুয়া।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা সভা পূর্বে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে কেক কাটেন মন্ত্রী। একই সাথে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য র্যলী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।








