
হাজীগঞ্জে এইচএসসি ফলে উদ্বেগ, অধিকাংশ কলেজে পাসের হার ৫০ শতাংশের নিচে


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৭১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২০৩ জন। উপজেলায় সামগ্রিক পাসের হার ৪৪.৩৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ৭৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০৯ জন উত্তীর্ণ হয়ে সর্বোচ্চ ৯ জন জিপিএ-৫ পেয়েছে। হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে ১ হাজার ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৭ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬ জন।


এ ছাড়া বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে ৮৬ জনের মধ্যে ১১ জন, খোঁদা মোজাম্মেল হোসেন চৌধুরী ডিগ্রি কলেজে ১১২ জনের মধ্যে ৩৮ জন, নাসিরকোট শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে ১২৮ জনের মধ্যে ৩০ জন, দেশগাঁও ডিগ্রি কলেজে ১১১ জনের মধ্যে ৫৮ জন এবং কাঁকৈরতলা জনতা কলেজে ১০৪ জনের মধ্যে ৫৫ জন উত্তীর্ণ হয়েছে।
অন্যদিকে, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৮ জনের মধ্যে ৩০ জন এবং হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন থেকে ৩১ জনের মধ্যে ১৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এ বছর বোর্ডের পাসের হার ৪৮.০৪ শতাংশ। সে তুলনায় হাজীগঞ্জ উপজেলায় পাসের হার ৪৪.৩৪ শতাংশ, যা বোর্ডের পাসের হারের চেয়ে ৩.৭০ শতাংশ কম।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, হাজীগঞ্জ ডিগ্রি কলেজে সর্বোচ্চ ৫৩.৩৯ শতাংশ পাসের হার অর্জিত হয়েছে। অন্যদিকে, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে পাসের হার সবচেয়ে কম, ১২.৭৯ শতাংশ।
উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলে মোট ১৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করলেও অধিকাংশ প্রতিষ্ঠানে জিপিএ-৫ শূন্য রয়েছে।

























