
প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার হবে: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান


চাঁদপুরের প্রতিটি ইউনিয়নের যেকোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে পাঠাগার গড়ে তোলা হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে উপজেলার সব স্কুলেই পাঠাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। ইতিমধ্যে চাঁদপুর জেলার ৬টি ইউনিয়নে পাঠাগার গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (২৬ অক্টোবর) চাঁদপুরের ছেংগারচর পৌরসভার পৌর পাঠাগার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকার বিষয়টি ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বক্তব্যে তিনি স্থানীয় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের সুরক্ষা এবং ধনাগোদা নদীতে অবৈধ ঝাঁক দিয়ে মাছ শিকারসহ এলাকার নানা বিদ্যমান সমস্যা নিয়েও কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও ছেংগারচর পৌরসভার পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ্ সুফিয়ান খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ ছেংগারচর পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


























