
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৩২


হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩২ জন। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ বছর হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০ জনে।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ঢাকায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে ৫২৪ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭৮, বরিশালে ১৩১, সিলেটে ১৫০, খুলনায় ৮৮, ময়মনসিংহে ৫৭, রংপুরে ২৬ এবং রাজশাহীতে ২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অধিদফতরের হিসাবে, ১৫ মার্চ থেকে সোমবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫২ হাজার ১১৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪০০ জন।
এদিকে একই সময়ের হিসাবে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৭২০ জনে। তাদের মধ্যে ২০ হাজার ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।



























