
হাজীগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


রাজনৈতিক কর্মসূচির গণ্ডি পেরিয়ে পরিবেশ ও জনসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী।


এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম, আবু বকর ছিদ্দিক সুমন, শাহ জালাল রাসেল ও শরিফুল ইসলাম গাজী।
এছাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরজিল হোসেন দিনার, শাহেন শাহ, হুমায়ুন কবির জুটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা আফসান হাসান চৌধুরী অমি, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সাদ্দাম, আব্দুল হালিম, কাউছার বেপারি, মাছুম চৌধুরী ও জহিরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে শুধু আলোচনা সভা কিংবা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের কল্যাণে কাজে লাগানোই স্বেচ্ছাসেবক দলের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং হাসপাতাল প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার মতো উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। এসব কার্যক্রমের মাধ্যমে জনসেবার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতাও বাড়বে।
পরে নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে হাসপাতাল এলাকার বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টি উঠে আসে।
























