
চকলেটের লোভ দেখিয়ে শিশু অপহরণের চেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা


চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক কন্যাশিশুকে অপহরণকালে কামাল (৩৫) নামে এক ব্যক্তি জনতার হাতে আটক হয়েছে। তার বাড়ি বাবুরহাট বাজারে বলে জানা যায়।
বুধবার (১২ মার্চ ২০২৫) সন্ধ্যায় এই আটকের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল নামের ওই ব্যক্তি একটি কন্যাশিশুকে হাজী মহসীন রোড এলাকায় একা পেয়ে গতিরোধ করে। তাকে চকলেটের প্রলোভন দেখায়।


শিশুটিকে টেনে নিয়ে যাচ্ছিল বলে শিশুটি ভয় পেয়ে কান্না শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। শিশুটি তখন ঘটনা বললে লোকজন দৌড়ে গিয়ে ওই অপহরণকারীকে ধরে ফেলে। পরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, শিশুটি কান্না বিজড়িত কণ্ঠে স্থানীয়দের কাছে ঘটনার আদ্যোপান্ত বলছে এবং ঘটনা শুনে স্থানীয়রা কামাল নামে ওই ব্যক্তিকে রাগে ক্ষোভে উত্তম মাধ্যম গণধোলাই দিচ্ছে।
চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তার আসামীকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারাবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন অপরাধে অভিযুক্ত আসামী গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং অপহরণকারী কামালকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।


























