
লিটন, লিটন, ‘ডাক’ পাড়ি
Link Copied Successfully!

২২ গজের চেয়ে ড্রেসিংরুমকে যেন অনেকটা আপন মনে হয় লিটন দাসের। যার প্রমাণ দ্বিতীয় ওয়ানডেতে আবারো করলেন এই ওপেনার। শূন্য রানে আউট হওয়া কীভাবে অভ্যাসে পরিণত করতে হয় তা লিটন থেকে আর কেউই হয়তো ভালো জানেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথম বলেই আউট হয়েছিলেন তিনি। এবার দ্বিতীয় ওয়ানডেতে দুইটি বল বেশি খেলেছেন রান সংখ্যা সেই আগের মতোই ‘ডাক’(শূন্য)।
ওয়ানডে ক্রিকেটে অধারাবাহিক লিটনকে বাংলাদেশ দল বারবার সুযোগ দিচ্ছে শুধুই তিনি ট্যালেন্টেড ক্রিকেটার বলে। তবে আন্তর্জাতিক ক্রিকেট দীর্ঘ ৯ বছর ধরে খেলা এই ক্রিকেটার কবে ধারাবাহিক পারফরম্যান্স করবেন সে উত্তর যেন অজানা। সর্বশেষ চার ওয়ানডেতে লিটন দাসের স্কোর ০, ০, ১*, ২২। সর্বশেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষেও নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছিলেন লিটন।
লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। ফরম্যাট বদলেছে, সঙ্গে ভেন্যু বদলেছে তবে লিটন যেন সেই একই শূন্য থেকে বের হতে পারছেন না। প্রথম ওয়ানডেতে লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার বলে বোল্ড হয়েছিলেন লিটন। এবার দ্বিতীয় ওয়ানডেতে বোলার সেই একই তবে এবার দুই বল বেশি খেলা লিটন শুধু আউটের ধরনটাই পরিবর্তন করতে পেরেছেন।
মাদুশঙ্কার গুড লেন্থে করা বলে শর্ট লেগে ডিফেন্স করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন লিটন। শূন্য রানে আউট হওয়া অভ্যাসে পরিণত করা লিটন দাসের ক্যারিয়ারের পরিসংখ্যানও একই বার্তা দিচ্ছে। এখন পর্যন্ত ওয়ানডেতে ৯১ ম্যাচে ১৪বার শূন্য রানে আউট হয়েছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে সেই সংখ্যাটা আরও বেশি- ২০ বার।
লিটন প্রথম ওভারেই সাজঘরে ফিরলেও দলের হাল ধরেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল শান্ত ও ওপেনার সৌম্য সরকার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭ ওভারে ৪৫ রান।




























