
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ ছোট ভাই মহসিনের বিরুদ্ধে


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের পাটোয়ারী বাড়িতে পৈতৃক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে ছোট ভাই মহসিন পাটোয়ারীর বিরুদ্ধে। এ ঘটনায় বড় ভাই আনোয়ার হোসেন পাটোয়ারী ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগকারী আনোয়ার হোসেন পাটোয়ারীর দাবি, বাবার পৈতৃক সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে এয়াজ-বদল (বিনিময়) করা হয়েছিল। এ সময় তিনি মাঠের জমি থেকে ৩ শতাংশ ৬২ পয়েন্ট জায়গা ছোট ভাই মহসিন পাটোয়ারীকে দিয়ে দেন। বিনিময়ে মহসিনের কাছ থেকে বাড়ির জায়গায় ১ শতাংশ ৬২ পয়েন্ট জমি পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অভিযোগ অনুযায়ী, মহসিন তাঁকে ওই জমি বুঝিয়ে না দিয়ে বিরোধপূর্ণ জায়গায় ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
আনোয়ার হোসেন পাটোয়ারীর ভাষ্য অনুযায়ী, বিএস ৫৮ নম্বর খতিয়ানভুক্ত সাবেক ৩৬৯ ও ৩৭০ দাগের, বর্তমানে ৬৩০ নম্বর দাগের মোট ১২ শতাংশ বাড়ির জমির মধ্যে ৪ দশমিক ০৩ শতাংশের মালিকানা তাঁর রয়েছে। এ সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বণ্টননামা দলিলও রয়েছে বলে তিনি দাবি করেন।


তিনি আরও অভিযোগ করেন, বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ বন্ধ রাখার বিষয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মহসিন পাটোয়ারী তা উপেক্ষা করে নির্মাণকাজ অব্যাহত রেখেছেন। এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ ১ ডিসেম্বর ২০২৬ বলে জানান অভিযোগকারী। তবে আদালতের আদেশের সুনির্দিষ্ট শর্ত, মেয়াদ ও জমির সীমানা সংশ্লিষ্ট নথি যাচাই করে নিশ্চিত হওয়া প্রয়োজন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে মহসিন পাটোয়ারী দাবি করেন, তাঁর ভাই আনোয়ার পাটোয়ারী বাড়ির জায়গায় তাঁর কাছ থেকে ১ শতাংশ জমি পাবেন এবং বাকি ৬১ পয়েন্ট জমি ৬৩০ নম্বর দাগের বিভিন্ন স্থানে পাওয়ার কথা। তিনি আরও বলেন, তিনি কোনো বাড়ি নির্মাণের কাজ করছেন না। তবে সরেজমিনে নির্মাণকাজ চলতে দেখা গেছে বলে অভিযোগকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আলম ভূঁইয়া বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের এ বিরোধে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, আদালতের আদেশ ও প্রচলিত আইন অনুসরণ করে বিরোধটির সুষ্ঠু নিষ্পত্তি হবে।


























