
শাহরাস্তিতে মাদক ও পরোয়ানাভুক্তসহ ২৪ ঘণ্টায় ৪ জন গ্রেফতার


চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক অভিযানে ১৪ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি, ২ জন সিআর পরোয়ানাভুক্ত আসামী ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জনসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার (২৫ জুলাই ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাহবুবুল আলমের নেতৃত্বে একটি চৌকস টিম শুক্রবার (২৪ জুলাই) রাতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযানে থানাধীন চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলী গ্রামের বেপারী বাড়ীর সামনে পাকা রাস্তা থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার পানিয়ালা বাজারের মোঃ শরীফুল ইসলাম (১৯) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত শরীফুলের পিতা- জাহাঙ্গীর আলম, মাতা- ইয়াছমিন আক্তার।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৪৩, তারিখ- ২৫ জুলাই ২০২৬; জিআর নং-২৩৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করা হয়েছে।
একই দিন ওসি মীর মাহবুবুর রহমানের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মনিরুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২ জন সিআর পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- কাজিরকাপের শহীদ উল্লা ও নিজ মেহেরের নুরুল হক।
থানা সূত্রে জানা যায়, মাদক মামলায় ১ জন, সিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জনসহ সর্বমোট ৪ জন আসামীকে গ্রেফতার করে শনিবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি মীর মাহবুবুর রহমান জানান, মাদক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহরাস্তি থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।



























