
দেশ সেরা শিক্ষক আবদুস শাকুর মজুমদার এবার বিশ্ব শিক্ষক দিবসে পেলেন সম্মাননা


‘কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক : শিক্ষক স্বল্পতাপূরণ বৈশ্বিক অপরিহার্য ‘ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি’র উদ্যোগে হাজীগঞ্জ উপজেলার সকল শিক্ষকগণের উপস্থিতিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে অবসরপ্রাপ্ত ৮ জন শিক্ষককে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত আটজন শিক্ষকের মধ্যে আবদুস শাকুর মজুমদার একজন। তিনি হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন শেষে চাকরী জীবনের ইতি টানেন। এর আগে তিনি দিগছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, টঙ্গীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
মুক্তিযুদ্ধের চেতনাধারী এই শিক্ষক হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা টঙ্গিরপাড় ইউনিয়নের লাওকোরা মজুমদার বাড়ীতে জন্মগ্রহন করেন। বর্তমানে তিনি হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামে স্থায়ীভাবে পরিবার-পরিজন নিয়ে বসবাস করছেন।


গেল বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন গুণী এই শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি হাজীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া চাকরী কালীন সময়ে ১৯৯৩ সালে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবেও মনোনীত হন আবদুস শাকুর মজুমদার।
গুণী শিক্ষক আবদুস শাকুর মজুমদার বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, শিক্ষকতা জীবনে মেধার সেরাটা বিলিয়ে দেয়ার চেষ্টা করেছি। অবসরপ্রাপ্ত সময়ে এমন প্রাপ্তির জন্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমসহ সকল শিক্ষক সমাজের কাছে কৃতজ্ঞ। .,

























