
স্বর্ণ ও রুপার দামে বড় পতন, ভরিতে কমল ১০ হাজার ৯২৪ টাকা


দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বড় ব্যবধানে কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯২৪ টাকা কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকায়।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে এ নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয় এবং পরে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।


নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দর ১৭ হাজার ২৪৫ টাকা। সেই হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৯২ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৩৪ হাজার ৮৫৯ টাকায় বিক্রি হবে। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ২৯০ টাকা, ২১ ক্যারেটের ২৭৫ টাকা, ১৮ ক্যারেটের ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১৮০ টাকা দরে নির্ধারিত ছিল।



























