
মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিটে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ


বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের সার্বিক কার্যক্রমে বিভিন্ন আর্থিক গরমিল, ক্ষমতার অপব্যবহার ও সাংগঠনিক নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের নানা অনিয়মের তথ্য উঠেছে।
চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রব এসব তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী মুক্তিযোদ্ধা সংসদের ব্যাংক হিসাব বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর শাখায় পরীক্ষা করে একাধিক আর্থিক গরমিল চিহ্নিত করা হয়েছে। ব্যাংক হিসাব স্টেটমেন্ট পর্যালোচনা করে দেখা গেছে, বিভিন্ন সময় কর্মচারীদের মাধ্যমে উত্তোলিত অর্থ এবং জেলা ও বিভিন্ন উপজেলা কমান্ডের লেনদেনের তথ্যে ব্যাপক অসঙ্গতি রয়েছে।


এছাড়া বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দোকান বরাদ্দ, ভাড়ার অর্থ আদায় এবং সম্পত্তি ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়মের বিষয়টিও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। কমপ্লেক্সের বিভিন্ন কক্ষের সঠিক ব্যবহার না হওয়া এবং প্রশাসনিক অসচ্ছতার বিষয়ে তদন্ত পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়।
সাংগঠনিক অনিয়মের বিষয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা ইউনিট কমান্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী হাসেমের নেতৃত্বে দীর্ঘ দিন ধরে পদের অপব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তারা। এ অভিযোগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।
সংগঠনের জেলা নেতৃত্ব জানান, এসব আর্থিক ও প্রশাসনিক অনিয়মের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে চাঁদপুর জেলা ইউনিট কমান্ডের সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধারা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



























