
মতলব উত্তরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন


মতলব উত্তর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস।


উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন ও স্থানীয় খামারি সুজন সরকার।
বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু এবং হাঁস-মুরগি পালন, উন্নত খামার ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।
তারা আরও বলেন, নিরাপদ দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে মানুষের পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের টেকসই উন্নয়নে সরকারি দপ্তরের পাশাপাশি খামারি ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রাণিসম্পদ খাতে অবদান রাখায় খামারিদের সনদ বিতরণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



























