
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মতলব উত্তরের প্রবাসীর মৃত্যু


মতলব উত্তরের তানভীর হোসেন জনি (৩৫) পরিবারের কাছে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। দীর্ঘ তিন বছর প্রবাসে কাটিয়ে আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু সেই ফেরা আর হলো না। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি।
নিহত তানভীর হোসেন জনি ছেংগারচর পৌরসভার জোড়খালী এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আব্দুল হক প্রধান। তিন ভাইয়ের মধ্যে জনি ছিলেন মেজ। তাঁদের এক বোনও রয়েছে।
গতকাল বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মালয়েশিয়ায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তানভীর হোসেন জনি। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি।


পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান জনি। প্রবাসে কাজ করে পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন দেখছিলেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই দেশে ফিরে স্বজনদের সঙ্গে সময় কাটানোর কথা ছিল তাঁর। তবে বাড়ি ফেরার সেই অপেক্ষার মধ্যেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
জনির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কাছে তাঁর দেশে ফেরার অপেক্ষা এখন পরিণত হয়েছে এক অপূরণীয় শোকে।



























