
দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু


দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ পার হয়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে। একই সময়ে মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৩০৮ জন। এর মধ্যে চলতি মাসের প্রথম ১১ দিনেই মারা গেছেন ৬২ জন। এ ছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগী মারা যান।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪২৮ জন। এ নিয়ে চলতি বছরে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা পৌঁছেছে ৯৫ হাজার ৩৩১ জনে।
বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (৮৭১ জন)। এ ছাড়া চট্টগ্রামে ২৮৭ জন, খুলনায় ২৯৮ জন, রাজশাহীতে ২৫৩ জন, বরিশালে ২৪৩ জন, ময়মনসিংহে ১০২ জন এবং রংপুর বিভাগে ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
























