
চাঁদপুরে ১৪ মামলায় ২৮ জেলে গ্রেফতার, মেঘনায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট ও শটগান নিখোঁজ


চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪টি মামলায় মোট ২৮ জন জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ। এর মধ্যে চাঁদপুর সদর নৌ-পুলিশ ১৪ জন এবং মতলবের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে ১০ জনসহ অন্যান্য ফাঁড়ি থেকে মোট ২৮ জনকে আটক করা হয়।
এদিকে, সোমবার সকালে মেঘনা নদীর মতলবের ষাটনল এলাকায় জেলেদের ধাওয়া করতে গিয়ে চাঁদপুর নৌ-পুলিশের একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর নৌ-পুলিশের ইনচার্জ আজমগীর হোসাইন।
চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, স্প্রীডবোডটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ শটগানটি উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে।


অভিযানের সময় জেলেদের কাছ থেকে নৌকা, নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা মা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ, অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।



























