রাজনীতির নামে কেউ অরজকতা সৃষ্টির চেষ্টা করলে বিএনপি নেতা-কর্মীরা বসে থাকবে না বলে হুশিয়ারী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শান্তি বিনষ্টের চেষ্টা সফল হবে না বলেও জানান তিনি। শনিবার চাদপুর কলেজ মাঠে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, একটি মহল রাজনীতির নামে দেশের উন্নয়ন নিয়ে অপপ্রচারে লিপ্ত।
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে পড়ন্ত বিকেলে চাদপুর সরকারী কলেজ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী মঞ্চে আসার সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসের সেই রঙ ছড়িয়ে পড়ে চারদিক ।
চাঁদপুরসহ ২০ টি জেলায় একযোগে প্রায় ১৫ হাজার জনকে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করেন সরকার প্রধান ।
ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসমাবেশে বক্তব্যের শুরুতেই পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন ।
সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও জানান তিনি।
দেশের মানুষ শান্তি চায় উল্লেখ করে বলেন, একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, এটা করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে মানুষ বসে থাকবে না বলেও হুশিয়ারি দেন প্রধানমন্ত্রী ।
এসময়, চাদপুরে ইপিজেড, কলেজ- বিশ্ববিদ্যালয় স্থাপনসহ স্থানীয় উন্নয়নের নানা দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী ।
এর আগে প্রধান মন্ত্রী চাঁদপুরের শাহরাস্তির ওয়ারুক ও সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় দুটো খাল পুনঃখনন করেন।
ওইসময় সামনের বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে বরাদ্ধ বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় ঐতিহাসিক খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে পথসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের পাশে প্রায় সাড়ে ১৩ কিলোমিটার দীর্ঘ খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির সূচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী খালের পাড়ে একটি গাছের চারা রোপন করেন। এরপর চাঁদপুর সদর উপজেলায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মেয়েদের এগিয়ে নিতে পর্যায়ক্রমে ডিগ্রি পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে। তরুণদের টেকনিক্যাল দক্ষতা বাড়ানোসহ এমন পরিকল্পনা গ্রহণ করা হবে যে পরিকল্পনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবে।’
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর সাথে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ নম এহসানুল হক মিলন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী।