চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজাসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে ফরিদগঞ্জ ও রায়পুর থানায় মোট ১১টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১১ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনের সার্বিক দিক-নির্দেশনায় এসআই মোহাম্মদ আরিফুর রহমান সরকার ও এসআই মোহাম্মদ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চরমান্দারী এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে চরমান্দারী এলাকার টাটাদের বাড়িতে বসতঘরে তল্লাশি চালিয়ে রোকেয়া আক্তার প্রকাশ খুকি (৩৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার পূর্ব চরপাতা (মন্নান মুন্সি বাড়ি) এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী এলাকায় বসবাস করছিলেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, তল্লাশির সময় ঘরের জানালার পর্দার এসএস পাইপের ভেতর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং শয়ন কক্ষের খাটের নিচ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ফরিদগঞ্জ থানা ওসি আরও জানায়, আটক রোকেয়া আক্তার ওরফে খুকির বিরুদ্ধে ফরিদগঞ্জ ও রায়পুর থানায় মোট ১১টি মাদক মামলা রয়েছে।