চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সয়াবিন তেলের মজুদ ও বিক্রয় মূল্য বেশি রাখায় ৪টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৪ মে) বাবুরহাট বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে অবৈধভাবে বোতলজাত সয়াবিন তেল মজুদ করা ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে মেসার্স আহিল এন্টারপ্রাইজ কে ৩০ হাজার টাকা, অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে মেসার্স স্মৃতি ট্রেডার্স কে ৫ হাজার টাকা, বোতলজাত সয়াবিন তেল মজুদ পাওয়ায় হাওলাদার ট্রেডার্স কে ৫ হাজার টাকা ও এবং পঁচা বাসী মাংস ফ্রিজে সংরক্ষণ করায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স কে ৫ টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় মজুদকৃত ৩২০ লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করে নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।