বাংলাদেশের সংস্কৃতিকর্মীরা দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও সুনাম অর্জন করেছে। বিশেষ করে সঙ্গীত, নৃত্য মঞ্চনাটকের ক্ষেত্রে বিদেশের মাটিতে পারফর্ম করে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় এবার আরও একটি আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ৫ শিশুশিল্পী। সবচেয়ে মজার বিষয় এই প্রতিযোগিতায় একজন বিচারকও রয়েছেন বাংলাদেশের।
জানা গেছে, ইউরোপের অন্যতম দেশ পোল্যান্ড ও মাল্টার আয়োজনে আগামী ২১-২৭ নভেম্বর ২০২০ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্টার ব্রিজ ইন্টারন্যাশনাল কনটেস্ট-২০২০’ শীর্ষক প্রতিযোগিতা। প্রতি বছর এই প্রতিযোগিতাটি সরাসরি হলেও করোনা পরিস্থিতির কারণে এবারের এই প্রতিযোগিতা ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় ইতালি, পর্তুগাল, লাটভিয়া, লিথুয়ানিয়া, জার্মানি, রাশিয়া, মালদোভা, পোল্যান্ড, মাল্টা, বুলগেরিয়া, ইংল্যান্ড, এস্তোনিয়া, বেলারুশ, আজারবাইজান, উজবেকিস্তান, ক্রোয়েশিয়া, মালয়েশিয়া, ইসরাইল, চায়না এবং বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ অংশগ্রহণ করবে।
আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতায় বাংলাদেশের ৫ শিশুশিল্পী প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে যাচ্ছে। তারা হলো আব্দুল্লাহ আল তামিম, শার্লিন সাফা, সাদিয়া খান কথামনি, ইয়াসরা জান্নাতুল জাবরিন ও আফিদা চৌধুরী তাহিরা। এই প্রতিযোগিতার অন্যতম বিচারক বাংলাদেশের নৃত্যশিল্পী শাহ আলম রিয়াদ।