চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা সংরক্ষণে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির অভিযানে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। অভিযানে ৬০টি মামলা দায়ের, ৭টি প্রসিকিউশন এবং ১শ’ ৬৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মোহনপুর নৌপুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ১ কোটি ৬৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১ হাজার ২শ’ মিটার সুতার জাল, ৪২টি মাছ ধরার ট্রলার এবং ৭টি বাল্কহেড জব্দ করা হয়। পাশাপাশি ১ হাজার ৭শ’৩৫ কেজি জাটকা ইলিশও আটক করা হয়েছে।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি জানান, জাটকা সংরক্ষণে সরকারের কঠোর নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, জাটকা রক্ষা করা না গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে কমে যাবে। দেশের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। কোনোভাবেই আইন অমান্য করে মাছ ধরা সহ্য করা হবে না।
তিনি জেলেদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, নিষিদ্ধ সময়ে জাটকা আহরণ থেকে বিরত থেকে বিকল্প কর্মসংস্থানের দিকে মনোযোগ দেওয়ার জন্য সরকার বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু করেছে, যা গ্রহণ করে তারা উপকৃত হতে পারেন।
জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।