চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ইউনিয়নের ৯নং ওয়ার্ড হাসাদী গাজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- ঐ বাড়ির মোহাম্মদ হাসান এর ছেলে আব্দুল আহাদ (৭)। অপর শিশুটি মাদারীপুর জেলার সাগর হোসেন এর ছেলে জুনায়েদ হোসেন (৯)।
স্বজনরা জানায়, সোমবার সকাল ১০টার পরে নিহত দুই শিশু খেলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। পরে তাদের পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় দিনব্যাপী অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। তাদের এই চেষ্টা চালানোর একপর্যায়ে এদিন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একটি শিশুর নিথর দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে কিছুদূর সামনে আরেকটি শিশুরও লাশ ভেসে উঠতে দেখা যায়। তারা ধারণা করছেন, পুকুরে পানি কম থাকলেও একটি নৌকা ছিল। হয়তো ঐ নৌকায় উঠতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে আর ফিরে উঠতে পারেনি।
জানা যায়, নিহত শিশু জুনায়েদ হোসেনকে নিয়ে তার পরিবার এই বাড়িতে বাসা ভাড়া থাকতো। সে নিহত অপর শিশু আব্দুল আহাদের পার্শ্ববর্তী এক চাচীর বোনের ছেলে। একসঙ্গে দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া। বিষয়টি পরে মঙ্গলবার (১৪ এপ্রিল) চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে অবগত করলে অনুমতি সাপেক্ষে আব্দুল আহাদকে বিষ্ণপুর ও জুনায়েদ হোসেনকে মাদারীপুর নিজ বাড়িতে দাফন করা হয়। এবং এদিন সকালে ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসেন। নিখোঁজের প্রায় ১৭ ঘন্টা পর দুই শিশুর নিথর দেহ পানি থেকে উদ্ধার সত্যিই অনেক বেদনাদায়ক বলে জানান প্রতিবেশীরা।